২৩ বছর পর কলকাতায় পা রাখলেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি পরিচালক মণিরত্নম। এর আগে ২০০৩ সালে তাঁর ‘যুবা’ ছবির শুটিং হয়েছিল কলকাতায়। এবার নিজের নতুন তেলুগু ছবির শুটিংয়ের জন্য প্রায় পনেরো দিন পুরো টিম নিয়ে শহরে থাকবেন তিনি।
ইতিমধ্যেই ২২ জুলাই রাতে কলকাতায় এসে পৌঁছেছেন ছবির অন্যতম প্রধান অভিনেতা বিজয় সেতুপতি। এই সিনেমায় তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সাই পল্লবীকে। প্রাথমিকভাব এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’।
মণিরত্নমের বিশাল ক্যানভাসের ছবিতে টলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ অভিনয় করছেন বলে খবর। এর মধ্যে রয়েছেন উঠতি প্রতিভাবান অভিনেতা দুর্বার শর্মা, যাঁকে ‘কুহেলি’ বা ‘কুইন’-এর মতো কাজ দিয়ে দর্শক চিনেছেন। এছাড়াও অরিজিতা মুখোপাধ্যায় এবং ঋত্বিকা পালের মতো বাঙালি শিল্পীরাও এই ছবিতে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের ছবিতে এই সুযোগ তাঁদের কেরিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে চলেছে।
পরিচালক সূত্রে খবর, শহরের বিভিন্ন জায়গায় ক্যামেরাবন্দি হবে ছবির দৃশ্যগুলি। এর মধ্যে রয়েছে বেলগাছিয়া,রাজবাড়ি,
ঐতিহাসিক হাওড়া ব্রিজ,কুমারটুলি,পার্ক স্ট্রিট,টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর
শহরে পা রেখেই টেকনিশিয়ান্স স্টুডিওতে যান মণিরত্নম এবং সেখানকার স্থানীয় কলাকুশলীদের সঙ্গে ছবি তোলেন। সব মিলিয়ে, এই ছবি ঘিরে এখন থেকেই সিনেপ্রেমীদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে।
২৩ বছর পর কলকাতায় মণিরত্নমের শুটিং, অভিনয় করছেন বাঙালি শিল্পীরা ও বিজয় সেতুপতি