জাতীয় স্বীকৃতিতে উজ্জ্বল ‘চালচিত্র এখন’, আবেগঘন প্রতিক্রিয়া অঞ্জন দত্তের

Tollywood Focus By Tollywood Focus Kolkata Team | Published: Jul 19, 2026 | 2 mins read
জাতীয় স্বীকৃতিতে উজ্জ্বল ‘চালচিত্র এখন’, আবেগঘন প্রতিক্রিয়া অঞ্জন দত্তের
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে সম্মান অর্জন করেছে :চালচিত্র এখন'। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত এই ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন অঞ্জন দত্ত। ছবিতে তিনিই মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেন, আর তাঁর তরুণ বয়সের চরিত্রে দেখা যায় অভিনেতা শাওন চক্রবর্তীকে। সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা, যাতে দেশ-বিদেশের আরও বেশি দর্শকের কাছে এটি পৌঁছতে পারে। সীমিত বাজেটের কারণে জাতীয় পর্যায়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া সম্ভব হয়নি বলেও আগে জানিয়েছিলেন অঞ্জন দত্ত। জাতীয় পুরস্কারের ঘোষণার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই সম্মান তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম এবং ভালোবাসার স্বীকৃতি। নিজের অর্থে নির্মিত ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও একাধিক পুরস্কার পেয়েছিল, তবে জাতীয় পুরস্কারের গুরুত্ব তাঁর কাছে আলাদা। অন্যদিকে, এই ছবিকে নিজের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করা শাওন চক্রবর্তীও এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কথায়, এমন সম্মান পাওয়ার খবর এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। অঞ্জন দত্ত বহুবার বলেছেন, মৃণাল সেনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তিনি পর্দায় কিংবদন্তি পরিচালকের মানবিক ও সহজাত রূপ তুলে ধরতে চেয়েছিলেন। জাতীয় পুরস্কারের এই স্বীকৃতি সেই প্রয়াসকে আরও অর্থবহ করে তুলেছে বলে মনে করছেন তিনি।