জমজমাট রবিবারের পর্ব,দেবের সঙ্গে ‘দাদাগিরি’-র মঞ্চে কোয়েল মল্লিক

Tollywood Focus By Tollywood Focus Kolkata Team | Published: Jul 19, 2026 | 2 mins read
জমজমাট রবিবারের পর্ব,দেবের সঙ্গে ‘দাদাগিরি’-র মঞ্চে কোয়েল মল্লিক
জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র আগামী রবিবারের পর্বে সঞ্চালক দেবের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। নতুন বাংলার নতুন ‘দাদাগিরি’-র এই বিশেষ পর্বে উঠে আসবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের এমন কিছু মানুষের অনুপ্রেরণামূলক জীবনের গল্প, যাঁরা নিজেদের কাজের মাধ্যমে অন্যদের জন্য উদাহরণ তৈরি করেছেন।

এই পর্বে এমন এক উদ্যোগপতির গল্প তুলে ধরা হবে, যিনি প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাগজের কন্টেইনার তৈরি করছেন। আবার পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন সফল করেছেন এমন এক সরকারি কর্মীর জীবনসংগ্রামও দর্শকদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি, ফেলে দেওয়া আমের আঁটি থেকে কলমের চারা তৈরি করে কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করছেন এক পরিবেশবান্ধব উদ্যোগী—তাঁর অভিনব উদ্যোগও থাকবে এই পর্বের অন্যতম আকর্ষণ।

প্রতিযোগীদের এই অসাধারণ কাজকে সম্মান জানাবেন দেব এবং কোয়েল মল্লিক। এছাড়াও, AI-ভিত্তিক এক বিশেষ পর্বে মজার ও চমকপ্রদ নানা তথ্য শোনাবে ‘AI মশাই’, যা দর্শকদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে তুলবে।

অনুপ্রেরণা, বিনোদন এবং আবেগে ভরপুর ‘দাদাগিরি’-র এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে রবিবার, ১৯ জুলাই ২০২৬, রাত ৯টা ৩০ মিনিটে, জি বাংলার পর্দায়।
জমজমাট রবিবারের পর্ব,দেবের সঙ্গে ‘দাদাগিরি’-র মঞ্চে কোয়েল মল্লিক - content image