ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে এ বার নতুন উদ্যোগ নিল মস্কো। ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, পশ্চিম এশিয়া ও সমুদ্রপথে বাণিজ্য টিকিয়ে রাখতে এই রেল সংযোগ অত্যন্ত জরুরি।
বর্তমানে বসফরাস ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে নানা রাজনৈতিক সংঘাত ও ঝুঁকির কারণে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের উপর দিয়ে ভারত মহাসাগর পর্যন্ত একটি বিকল্প রেলপথ তৈরির প্রস্তাব দিয়েছে রাশিয়া।
প্রসঙ্গত, ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বর্তমানে পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে তেলের বিকল্প বাজার হিসেবে রাশিয়ার উপর ভারতের নির্ভরতা অনেকটাই বেড়েছে। এরই মধ্যে ভারত, ইরান ও রাশিয়ার যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ বারান্দা’ (INSTC) তৈরির কাজও দ্রুত এগিয়ে চলেছে। এই রেল রুট চালু হলে মুম্বই থেকে সরাসরি পণ্য পৌঁছে যাবে রাশিয়ায়। এতে পণ্য পরিবহণের খরচ প্রায় ৩০ শতাংশ কমবে এবং সময়ও অনেক বাঁচবে।
বিশেষজ্ঞদের মতে, এই মেগা রেল প্রকল্প বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছবে। পাশাপাশি, পশ্চিমি দেশগুলির চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞাকেও সাফল্যের সঙ্গে এড়িয়ে চলতে পারবে মস্কো ও নয়াদিল্লি।
ট্রেনেই সোজা রাশিয়া থেকে ভারত! বাণিজ্য বাড়াতে মস্কোর মেগা রেলপ্রস্তাব