বাংলার কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের জীবন অবলম্বনে নির্মিত পথিকৃৎ বসু পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে জিৎকে দেখা যাবে নয়টি ভিন্ন অবতারে। বিপ্লবী থেকে পলাতক, একাধিক পরিচয়ে আত্মগোপন করে থাকা অনন্ত সিংহের জীবনের নানা অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তুলতেই এই রূপান্তর। মেকআপ বিভাগের প্রধান সোমনাথ কুণ্ডুর নেতৃত্বে দীর্ঘ গবেষণা, লুক টেস্ট ও প্রস্তুতির মাধ্যমে তৈরি হয়েছে জিতের এই নয়টি লুক। ছবিতে জিতের পাশাপাশি রয়েছেন টোটা রায়চৌধুরী, চন্দন সেন, লোকনাথ দে, কৌশিক সেন, রজতাভ দত্ত, প্রিয়াঙ্কা সরকার-সহ একাধিক অভিনেতা।
ষাটের দশকের কলকাতায় ধনী ও ক্ষমতাশালীদের লক্ষ্য করে একের পর এক ডাকাতির ঘটনায় রহস্য ঘনীভূত হয় অনন্তকে ঘিরে। কেউ তাঁকে অপরাধী মনে করেন, আবার কেউ দেখেন ত্রাণকর্তা হিসেবে। অতীত ও বর্তমানের নানা সময়রেখায় এগিয়ে চলা এই গল্পে উঠে আসবে স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন, আদর্শের প্রতি তাঁর বিশ্বাস এবং স্বাধীনতার পর নতুন এক সংগ্রামের কাহিনি। নন্দী মুভিজ ও জিৎজ ফিল্মওয়ার্কস প্রযোজিত, শান্তনু মৈত্রের সঙ্গীত পরিচালনায় ছবিটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নয় রূপে জিৎ, এক কিংবদন্তির গল্প—‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর নতুন চমক