অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (রাহুল) আকস্মিক মৃত্যুর চার মাস কেটে গেলেও এখনও কাটেনি রহস্যের বরফ। গত ২৯ মার্চ তালসারিতে শুটিংয়ের সময় জলে ডুবে মারা যান এই অভিনেতা। তদন্তের গতিপ্রকৃতি ও সহকর্মীদের একাংশের ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন অভিনেতা জীতু কমল।
গত ২৯ জুলাই রাহুলের মৃত্যুর চার মাস পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন জীতু। তাঁর স্পষ্ট অভিযোগ, প্রথমের সেই প্রতিবাদের ঝড় বা জোরালো দাবি আজ কোথায় হারিয়ে গেল? তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
কাদের নিশানা করলেন জীতু? রাহুলের মৃত্যুর পর টলিপাড়ার যে সমস্ত তারকা আবেগঘন পোস্ট করেছিলেন এবং তাঁর কাছের মানুষ হিসেবে নিজেদের জাহির করেছিলেন, তাঁদের কঠোর ভাষায় সমালোচনা করেন জীতু। তিনি লেখেন, ‘মা গো, বাবা গো, পিসি গো—এইসব আবেগের ডাকের আড়ালে কোথাও যেন অর্থের লোভ আর আত্মপ্রচারের আকাঙ্ক্ষাই বড় হয়ে উঠল।’ তাঁর মতে, এই প্রচারের ইঁদুরদৌড়ে হারিয়ে গেছে মানবিকতা।
স্মরণ করা যেতে পারে, এর আগে ‘জাস্টিস ফর রাহুল’ আন্দোলনে সোচ্চার হয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন জীতু। তবে তাঁর এই প্রতিবাদকে সেলেবপাড়ার একাংশ ‘সস্তার প্রচার’ বা ‘ফুটেজখোরি’ বলে কটাক্ষ করতেও ছাড়েনি। চার মাস পরেও রাহুলের মৃত্যুর সঠিক কারণ ও ন্যায়বিচার অধরা থাকায় টলিপাড়ার অন্দরে চাপা অসন্তোষ এখনও বজায় রয়েছে।
রাহুলের মৃত্যুর চার মাস: টলিপাড়ার একাংশকে একহাত নিলেন অভিনেতা জীতু কমল