‘হকের চাকরি ফিরিয়ে দিন’, ধর্মতলায় অবস্থান-বিক্ষোভে সামিল চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকরা

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 07, 2026 | 2 mins read
‘হকের চাকরি ফিরিয়ে দিন’, ধর্মতলায় অবস্থান-বিক্ষোভে সামিল চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকরা
২০১৬ সালের এসএসসির পুরো নিয়োগ প্যানেল বাতিল হওয়ার পর থেকেই তীব্র অসন্তোষ ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। শুক্রবার সেই হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অবরোধ ও অবস্থান-বিক্ষোভে বসলেন ‘যোগ্য’ বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
এ দিন আন্দোলনকারীরা শিয়ালদহ থেকে একটি মিছিল শুরু করে ধর্মতলায় পৌঁছন। সেখানে ডোরিনা ক্রসিং অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন শিক্ষক নেতা সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল-সহ অন্যান্যরা।
বিক্ষোভকারীদের প্রধান দাবি, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে পুরো প্যানেল বাতিল করা হলেও, প্রকৃত ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ প্রার্থীদের আলাদা করা হয়নি। তাঁদের দাবি, ওএমআর (OMR) শিট এবং অন্যান্য সমস্ত নথি খতিয়ে দেখে প্রকৃত যোগ্য প্রার্থীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল করে দেয়। এর জেরে প্রায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত সেই রায় বহাল রাখে।
এদিকে, শুক্রবারে এই হঠাত্‍ ধর্মতলা অবরোধের ফলে শহরের অন্যতম ব্যস্ত এই চত্বরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। যার জেরে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ নিত্যযাত্রীদের।