একের পর এক মৃত্যুর ঘটনায় ফের খবরের শিরোনামে আইআইটি খড়গপুর। বৃহস্পতিবার ক্যাম্পাসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্লাস চলাকালীন নালন্দা কমপ্লেক্সের তিনতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অঙ্কিত। দ্রুত তাঁকে ক্যাম্পাসের ভেতরে অবস্থিত বিসি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে খড়গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত আইআইটি কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ক্লাস চলাকালীন ওই ছাত্র কীভাবে তিনতলার ছাদে উঠলেন এবং কখন তিনি ক্লাস থেকে বের হয়েছিলেন, তা খতিয়ে দেখতে সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
উল্লেখ্য, গত জুলাই মাসের শেষেই এই আইআইটি ক্যাম্পাস থেকে দীপক রেড্ডি পুল্লাগুরাম নামে এক সহকারী অধ্যাপকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এর আগে ২০২৫ সালে খড়গপুর আইআইটিতে সাতজন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল, যা নিয়ে শিক্ষামহলে ব্যাপক শোরগোল পড়েছিল। বারবার এমন মর্মান্তিক ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
আইআইটি খড়গপুরে ফের ছাত্রমৃত্যু, ক্লাস করতে গিয়ে তিনতলা থেকে পড়ে প্রাণ হারাল দ্বিতীয় বর্ষের ছাত্র