“রাহুল এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে… উপর থেকে সে নিশ্চয়ই সব দেখছে, আর আমরা তার জন্য এই ঐক্য ধরে রাখব”—দৃঢ় অবস্থান নিল আর্টিস্ট ফোরাম।

Tollywood Focus By Tollywood Focus Editorial Desk | Published: Apr 08, 2026 | 3 mins read
“রাহুল এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে… উপর থেকে সে নিশ্চয়ই সব দেখছে, আর আমরা তার জন্য এই ঐক্য ধরে রাখব”—দৃঢ় অবস্থান নিল আর্টিস্ট ফোরাম।
“রাহুল এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে… উপর থেকে সে নিশ্চয়ই সব দেখছে, আর আমরা তার জন্য এই ঐক্য ধরে রাখব”—দৃঢ় অবস্থান নিল আর্টিস্ট ফোরাম।

অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি-র মৃত্যুকে কেন্দ্র করে টলিউডে এক গভীর আলোড়ন সৃষ্টি হয়েছে। ৭ই এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে কর্মবিরতির ডাক দিয়ে সমগ্র টলিপাড়ার শিল্পীরা একত্রিত হন। সেই সভা থেকেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে নেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।

বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক স্পষ্টভাবে জানান, “যে প্রযোজনা সংস্থার কারণে রাহুলের এমন পরিণতি, তাদের সঙ্গে বা তাদের সঙ্গে যুক্ত কারও সঙ্গে কাজ করা আমাদের পক্ষে আর সম্ভব নয়।”

ইতিমধ্যেই অম্বরীশ ভট্টাচার্য ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার সমস্ত কাজ ছেড়ে দিয়েছেন। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি।

এ বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “ওই প্রযোজনা সংস্থা বা তাদের সঙ্গে যুক্ত কারও সঙ্গে এই মুহূর্ত থেকে আমরা আর কাজ করব না, যতক্ষণ না প্রকাশ্যে বা আইনের মাধ্যমে আমরা জানতে পারছি রাহুল ঠিক কীভাবে আমাদের ছেড়ে চলে গেল।” সবার একটাই দাবি—সত্যিটা জানতে হবে।

সহকর্মীর ন্যায়বিচারের দাবিতে টলিউডের এই ঐক্য সত্যিই এক নজির তৈরি করেছে। সেই প্রসঙ্গে প্রসেনজিৎ আরও বলেন, “রাহুল আমাদের এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে আছি, আর এই ঐক্য তার জন্যই বজায় থাকবে।”

তিনি আরও জানান, “পুরোপুরি কর্মবিরতি হচ্ছে না। আগামীকাল থেকে সব কাজ শুরু হবে, তবে ওই নির্দিষ্ট প্রযোজনা সংস্থাকে বাদ দিয়ে।” এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে আজকের টলিপাড়ার বৈঠকে।