বড়পর্দায় আসছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনকাহিনি, ১২৫তম জন্মবর্ষে ঘোষণা ঐতিহাসিক ছবি ‘শ্যামা’

Tollywood Focus By Tollywood Focus Kolkata Team | Published: Jul 06, 2026 | 2 mins read
১২৫তম জন্মবর্ষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি হতে চলেছে নতুন ঐতিহাসিক চলচ্চিত্র ‘শ্যামা’। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নির্মিত হবে এই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন সুচন্দ্রা ভানিয়া এবং চন্দ্রোদয় পাল।

ছবিটির গবেষণা পর্বের সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এই প্রকল্পে অংশ নিতে পেরে তিনি গর্ব প্রকাশ করে বলেন, বর্তমান প্রজন্মের কাছে ইতিহাসকে সহজ ভাষায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর মতে, অতীতকে না জানলে ভবিষ্যৎকে সঠিকভাবে নির্মাণ করা সম্ভব নয়। তাই এই ছবি শুধু একটি জীবনীচিত্র নয়, নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার গল্পও হয়ে উঠবে।

নির্মাতাদের দাবি, ‘শ্যামা’ কোনও কাল্পনিক কাহিনি নয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ এবং তাঁর রাজনৈতিক দর্শনের ভিত্তিতেই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। চলচ্চিত্রে দেশভাগ, জাতীয় ঐক্যের সংগ্রাম, বাংলার ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা এবং নতুন ভারত গঠনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হবে।

ঐতিহাসিক ঘটনাবলির সঙ্গে ব্যক্তিগত আদর্শ ও জাতীয় চেতনার মেলবন্ধনে তৈরি এই ছবি দর্শকদের সামনে স্বাধীনতা-পরবর্তী ভারতের এক গুরুত্বপূর্ণ সময়কে নতুনভাবে তুলে ধরবে বলে আশাবাদী নির্মাতারা।