দক্ষিণী ছবিতে নায়িকা ‘ফুলকি’ দিব্যাণী

Celebrity By Tollywood Focus Kolkata Team | Published: Jul 09, 2026 | 3 mins read
দক্ষিণী ছবিতে নায়িকা ‘ফুলকি’ দিব্যাণী
দক্ষিণী চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’-র মাধ্যমে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী এবার প্রথমবার তেলুগু ছবির নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২০ জুলাই থেকে শুরু হবে ছবির শুটিং।

পরিচালক বিরেশ কোকার রোমান্টিক-থ্রিলার ঘরানার এই ছবিতে দিব্যাণীর বিপরীতে থাকবেন নবাগত অভিনেতা সুস্বর তরঙ্গ, যিনি সঙ্গীতশিল্পী বন্দেমাতরম শ্রীনিবাসের পুত্র। ছবির মহরত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ছবির নাম ঘোষণা করা হয়নি।

দক্ষিণী ছবিতে নায়িকাদের গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাহ্নবী কাপুরের তেলুগু ছবি ‘পেড্ডি’ ঘিরে পোশাক বিতর্কের পর সেই জল্পনা আরও বেড়েছে। তবে দিব্যাণী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর প্রথম তেলুগু ছবির চরিত্রটি অত্যন্ত সাধারণ। তাই শুধুমাত্র নজর কাড়ার জন্য খোলামেলা পোশাক পরার কোনও পরিকল্পনা নেই। চরিত্রের প্রয়োজন এবং কস্টিউম ডিজাইনারের পরামর্শ অনুযায়ীই তাঁর লুক নির্ধারিত হবে।

নতুন ভাষা ও নতুন ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জকে ইতিবাচকভাবেই গ্রহণ করছেন অভিনেত্রী। তেলুগু ভাষায় এখনও পুরোপুরি স্বচ্ছন্দ না হলেও, নিজের প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না।

এদিকে বাংলা চলচ্চিত্রেও ব্যস্ত সময় কাটছে দিব্যাণীর। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’, রানা সরকারের প্রযোজনায় ‘গুনগুন করে মহুয়া’ এবং ‘রেড ফ্ল্যাগ’—এই তিনটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি আসন্ন মহালয়ায় দেবী দুর্গার রূপেও দর্শকদের সামনে হাজির হবেন তিনি।

ছোটপর্দার জনপ্রিয় ‘ফুলকি’ এবার দক্ষিণী চলচ্চিত্রে নিজের নতুন পরিচয় গড়ে তুলতে কতটা সফল হন, সেদিকেই এখন নজর দর্শক ও ইন্ডাস্ট্রির।