টালিগঞ্জের স্টুডিওপাড়ায় আলোচিত স্বরূপ বিশ্বাসকে ঘিরে মামলায় এবার নাটকীয় পরিবর্তন। মেকআপ শিল্পী সিমরান পালের অভিযোগের জেরে যে ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র আলোচনা চলছিল, সেই মামলাতেই এবার নিজের আগের বক্তব্য থেকে সরে এলেন অভিযোগকারী।
সিমরান পাল জানিয়েছেন, স্বরূপ বিশ্বাস তাঁর সঙ্গে কোনও ধরনের অশালীন আচরণ করেননি। তাঁর দাবি, স্বরূপের সঙ্গে তাঁর কখনও সামনাসামনি কথাও হয়নি। কয়েকজনের কথায় প্রভাবিত এবং ভুল বোঝাবুঝির কারণে তিনি অভিযোগ করেছিলেন বলে জানিয়েছেন সিমরান।
পরবর্তীতে বিষয়টি সম্পর্কে তিনি নিজের ভুল বুঝতে পারেন। এরপর থেকেই মামলা প্রত্যাহারের চেষ্টা করছিলেন বলে দাবি তাঁর। তবে ভয় এবং পরিস্থিতির কারণে এতদিন তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাহস করে তিনি অভিযোগটি প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন মেকআপ শিল্পী।
শুধু অভিযোগ প্রত্যাহারই নয়, স্বরূপ বিশ্বাসের কাছে প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন সিমরান। তাঁর বক্তব্য, তাঁর করা অভিযোগের কারণে স্বরূপকে জেল খাটতে হয়েছে এবং তাঁর সামাজিক সম্মানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন।
তবে তাঁকে কারা এই অভিযোগ করতে প্ররোচিত করেছিলেন, সেই বিষয়ে কোনও নাম প্রকাশ করতে চাননি সিমরান। ভবিষ্যতে আর কোনও বিতর্ক বা অশান্তিতে জড়াতে চান না বলেও জানিয়েছেন তিনি। তাঁর ইচ্ছা, বিষয়টি পিছনে ফেলে শান্তিপূর্ণভাবে নিজের পেশাগত কাজ চালিয়ে যাওয়া।
অন্যদিকে, এই আকস্মিক ইউ-টার্ন ঘিরে টালিগঞ্জের অন্দরমহলে শুরু হয়েছে নতুন জল্পনা। অভিযোগ প্রত্যাহারের পর মামলাটির আইনি অবস্থান কী দাঁড়ায় এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, এখন সেদিকেই নজর রয়েছে।
স্বরূপ বিশ্বাসকে নিয়ে মামলায় বড়সড় মোড়, অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইলেন মেকআপ শিল্পী সিমরান পাল