আচমকাই অসুস্থ রণজয়, সেটে উদ্বেগ

Tollywood Focus By Tollywood Focus Kolkata Team | Published: Aug 08, 2026 | 2 mins read
আচমকাই অসুস্থ রণজয়, সেটে উদ্বেগ
ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই এবার শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণু। বর্তমানে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। শুক্রবার নির্দিষ্ট সময়েই শুটিংয়ে হাজির হয়েছিলেন রণজয়। কিন্তু শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন অভিনেতা।

পরিস্থিতি বুঝে তড়িঘড়ি তাঁকে বসানো হয় এবং জল খাওয়ানো হয়। এরপর বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শারীরিক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন অভিনেতা। এমনকি আগের রাত থেকেও উদ্বেগে ভুগছিলেন বলে জানা যাচ্ছে। সেই মানসিক চাপের প্রভাবেই শুটিংয়ের সময় তাঁর এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে সূত্রের দাবি। ব্যক্তিগত জীবনের সমস্যা থেকেই তাঁর অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে বলেও শোনা যাচ্ছে। আপাতত রণজয়কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ধারাবাহিকের পক্ষ থেকে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রণজয় বিষ্ণুর দাম্পত্য জীবন নিয়ে টলিপাড়ায় নানা জল্পনা চলছে। বিবাহবিচ্ছেদ নিয়ে একাধিক প্রশ্নের মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে। তবে এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তিনি। সম্প্রতি তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে রণজয় সাফ জানিয়েছেন, এই প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চান না।

ব্যক্তিগত জীবনের চর্চার মধ্যেই শুটিং সেটে তাঁর আচমকা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন অনুরাগীরাও। আপাতত বিশ্রামেই রয়েছেন অভিনেতা।