আশার প্রয়াণে শোকাহত হৈমন্তী শুক্লা

Celebrity By Tollywood Focus Editorial Desk | Published: Apr 13, 2026 | 2 mins read
আশার প্রয়াণে শোকাহত হৈমন্তী শুক্লা
সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন বাংলার বর্ষীয়ান গায়িকা হৈমন্তী শুক্লা। তিনি জানান, আশা ভোঁসলের গান শুনতে তিনি ভীষণ ভালোবাসতেন। বিশেষ করে মান্না দের সুরে গাওয়া তাঁর বাংলা গানগুলো আজও তাঁর অত্যন্ত প্রিয়।

হৈমন্তী শুক্লা বলেন, আশা ভোঁসলের দিদি প্রয়াত লতা মঙ্গেশকরের বাংলা উচ্চারণে কোথাও কোথাও বোঝা যেত তিনি বাঙালি নন, কিন্তু আশার বাংলা উচ্চারণ এতটাই নিখুঁত ছিল যে তা বুঝে ওঠার উপায় ছিল না। তিনি আরও জানান, লালপেড়ে সাদা শাড়ি পরে অত্যন্ত ভক্তিভরে রবীন্দ্রসংগীত রেকর্ড করেছিলেন সদ্য প্রয়াত এই শিল্পী। তাঁর কথায়, “বাঙালিদের খুব ভালোবাসতেন উনি।”

আশার ক্লাসিক্যাল গানের প্রশংসা করে হৈমন্তী শুক্লা বলেন, “ওঁর গান শুনলে মনে হতো, কত ঘণ্টার পর ঘণ্টা রেওয়াজ করেন। কিন্তু আসলে ওঁর ভেতরেই ছিল এক দুর্লভ প্রতিভা।”

তিনি আরও বলেন, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীর বোন হয়েও নিজস্ব পরিচয় তৈরি করা মোটেই সহজ ছিল না। “উনি খুব বুদ্ধিমতী ছিলেন। নিজের আলাদা একটা স্টাইল তৈরি করেছিলেন, যেখানে দিদির সঙ্গে কোনও মিল থাকবে না। যদি মিল থাকত, সবাই বলত লতার মতো গাইছে। সেটা উনি চাননি। নিজের গান আর নিজের জীবন দিয়েই সেটা প্রমাণ করে গেছেন।”