দুর্গাপুজোর আর মাত্র আড়াই মাস বাকি। তার আগেই শুরু হয়ে গিয়েছে মহালয়ার প্রস্তুতি। দেবীপক্ষের সূচনালগ্নে টেলিভিশনের পর্দায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরের মতোই তুঙ্গে। এ বছর মহালয়া পড়েছে ১০ অক্টোবর। ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শোনার ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন বাংলা চ্যানেলের বিশেষ মহালয়া অনুষ্ঠানও এখন বাঙালির উৎসবের অবিচ্ছেদ্য অংশ।
প্রতি বছরের মতো এবারও কোন অভিনেত্রী দেবী দুর্গার রূপে ধরা দেবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সেই জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, সান বাংলার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘অভয়াশক্তি – যুগে যুগে অপরাজিতা’-য় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে।
সোমবার সম্পন্ন হয়েছে দিতিপ্রিয়ার লুক সেটের কাজ। আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের শুটিং। দীর্ঘদিন পর আবার ছোটপর্দার বিশেষ অনুষ্ঠানে ফিরছেন অভিনেত্রী। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে মাঝপথে সরে যাওয়ার পর তাঁকে ছোটপর্দায় খুব একটা দেখা যায়নি। সম্প্রতি অবশ্য সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। এবার মহালয়ার মাধ্যমে তাঁর টেলিভিশনে প্রত্যাবর্তন দর্শকদের কাছে নিঃসন্দেহে বড় চমক।
দেবীর বিভিন্ন রূপে অভিনয়ের অভিজ্ঞতা দিতিপ্রিয়ার দীর্ঘদিনের। ২০১৮ সালে জি বাংলার মহালয়ায় তিনি দেবী পার্বতী ও মহিষাসুরমর্দিনীর চরিত্রে অভিনয় করেন। ২০১৯ সালে দেবী দুর্গা, ২০২০ সালে দেবী পার্বতী ও দুর্গা এবং ২০২৩ সালে দেবী পার্বতী, মহাসরস্বতী, মহালক্ষ্মী ও মহাকালীর রূপে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। এছাড়া ২০২১ সালে স্টার জলসার মহালয়া অনুষ্ঠানেও মহিষাসুরমর্দিনী রূপে ধরা দিয়েছিলেন দিতিপ্রিয়া।
এবার সান বাংলার ‘অভয়াশক্তি – যুগে যুগে অপরাজিতা’-য় তাঁর নতুন মহিষাসুরমর্দিনী রূপ কতটা দর্শকমনে ছাপ ফেলতে পারে, সেদিকেই এখন নজর টেলিভিশনপ্রেমীদের।
সান বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে দিতিপ্রিয়া