ছোটপর্দার শুটিং চলাকালীন ফের দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী সোমা ব্যানার্জী। ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়েই গুরুতর চোট পান তিনি। জানা গিয়েছে, একটি ছিনতাইয়ের দৃশ্যের শুটিংয়ের সময় বাইকের টানে তাঁর হাতে জড়ানো টাকার প্যাকেট ছিটকে বেরিয়ে যায়। সেই প্রবল ধাক্কাতেই অভিনেত্রীর হাতের একটি আঙুলের হাড় সরে গিয়ে ভেঙে যায়।
তবে চোট পেলেও সেদিন শুটিং বন্ধ করেননি সোমা ব্যানার্জি। শুটিং শেষ করার পরদিন এক্স-রে করিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে তাঁর হাতে ক্লিপিং করানো হয়েছে। শুটিংয়ের প্রয়োজনে সেই অংশ ক্রেপ ব্যান্ডেজ দিয়ে ঢেকে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।
অভিনেত্রী জানান, এই কঠিন সময়ে ইউনিটের সহকর্মীরা তাঁকে সবরকম সাহায্য করেছেন। শুধু তাই নয়, আহত অবস্থাতেও প্রতিদিন শুটিং ফ্লোরে উপস্থিত হচ্ছেন তিনি। এমনকি আগের মতোই সহ-অভিনেতা ও কলাকুশলীদের জন্য বাড়ি থেকে রান্না করা খাবারও নিয়ে আসছেন।
উল্লেখ্য, গত ১ জুন থেকে সম্প্রচার শুরু হয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ধারাবাহিকে সোমা ব্যানার্জির পাশাপাশি অভিনয় করছেন ইপ্সিতা মুখার্জি, স্বস্তিকা ঘোষ, প্রিয়দর্শিনী এবং সৌম্যদীপ মুখার্জি। নতুন ধারাবাহিকের শুরুতেই মুখ্য অভিনেত্রীর এই দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
শুটিং ফ্লোরে বড় দুর্ঘটনা! গুরুতর আহত সোমা ব্যানার্জি