চিকিৎসা দুর্নীতি, রহস্য, তদন্ত, প্রেম এবং পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে আসছে নতুন বাংলা ধারাবাহিক 'তিলোত্তমা'। সমাজের এক অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করা এক তরুণীর গল্পই এই ধারাবাহিকের মূল উপজীব্য।
ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত এই ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী, রূপশা চক্রবর্তী এবং রূপস্নাতো চক্রবর্তী। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী ও রূপস্নাতো চক্রবর্তী।
গল্পের শুরু এক তরুণী চিকিৎসককে ঘিরে। হাসপাতালের ভিতরে চলতে থাকা এক বড়সড় চিকিৎসা দুর্নীতির চক্রের সন্ধান পান তিনি। সত্য প্রকাশ করার আগেই তাঁর উপর নেমে আসে প্রাণঘাতী হামলা। ঠিক সেই সংকটময় মুহূর্তে এক সাহসী তরুণী তাঁর পাশে এসে দাঁড়ায়। সেখান থেকেই বদলে যায় দুই ‘তিলোত্তমা’র জীবন, আর শুরু হয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার এক কঠিন লড়াই।
ধারাবাহিকের ভাবনায় বিশেষভাবে উঠে এসেছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত উক্তি— “কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে।”সেই ভাবনার সঙ্গেই যুক্ত হয়েছে বর্তমান সময়ের বার্তা। আজকের সমাজে অসংখ্য ‘তিলোত্তমা’ নানা অবিচার ও শোষণের শিকার। তাঁদের পাশে দাঁড়িয়ে সাহস, ন্যায়বিচার এবং মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই এই ধারাবাহিকের মূল উদ্দেশ্য।
এই ধারাবাহিকের মাধ্যমে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। তাঁর বিপরীতে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নবাগত অভিনেতা সৌম্যদীপ দত্ত কে। নতুন এই জুটির রসায়ন, আবেগ এবং সংগ্রাম দর্শকদের জন্য হতে চলেছে অন্যতম আকর্ষণ।
আগামী ২৭ জুলাইথেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে 'তিলোত্তমা'।
চিকিৎসা দুর্নীতির বিরুদ্ধে এক নারীর লড়াই, আসছে নতুন ধারাবাহিক 'তিলোত্তমা'