রাত তখন প্রায় আড়াইটে। একদিকে লরি আর দূরপাল্লার বাসের ছোটাছুটি, অন্য অন্যদিকে হঠাৎই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হল হাওড়া ব্রিজের এক দিক। বিশাল রেন মেশিনের কৃত্রিম বৃষ্টিতে ভিজে উঠল পিচ রাস্তা। পরিচালক মণি রত্নমের নতুন ছবির শুটিংয়ের জন্যই এই আয়োজন। কঠোর নিরাপত্তার কারণে ক্যামেরা বের করা নিষিদ্ধ থাকলেও, রাতের কলকাতার এই ব্যতিক্রমী রূপ ছিল নজরকাড়া।
চেয়ারে চুপচাপ বসে মনিটরে অভিনয় দেখছিলেন পরিচালক। একটু খুতখুতানি দেখলেই রিটেক—শুটিং ফ্লোরে তারকাদের এমন ধৈর্য আর নিষ্ঠা না দেখলে বিশ্বাস করা কঠিন। এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। সাইকে প্রথমবার পরিচালনা করছেন মণি রত্নম। হাওড়া ব্রিজ ছাড়াও কুমোরটুলি, পার্ক স্ট্রিট, বেলগাছিয়া ও নিউ মার্কেটে কলকাতার টানা দশ দিনের শুটিং হবে। এরপর পুদুচেরি ও ভার্চুয়াল প্রোডাকশনের মাধ্যমে বিদেশের কিছু অংশের শুটিং করার পরিকল্পনা রয়েছে।
হাওড়া ব্রিজে মণি রত্নমের শুটিং: কৃত্রিম বৃষ্টিতে ভিজল রাতের কলকাতা