'আমাদের বাঁচতে দিন'— ভিডিওবার্তায় কাতর আবেদন রণজয় বিষ্ণুর

Celebrity By Tollywood Focus Kolkata Team | Published: Aug 06, 2026 | 2 mins read
'আমাদের বাঁচতে দিন'— ভিডিওবার্তায় কাতর আবেদন রণজয় বিষ্ণুর
অভিনেতা রণজয় বিষ্ণু সম্প্রতি একটি ভিডিওবার্তা প্রকাশ করে ব্যক্তিগত জীবন নিয়ে চলা জল্পনা, সমালোচনা এবং ভুয়ো খবরের বিরুদ্ধে সরব হয়েছেন। আবেগঘন সেই বার্তায় তিনি জানান, সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত।

ভিডিওতে রণজয় বলেন, তাঁর এবং শ্যামৌপ্তির ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ তাঁদের নিজস্ব। সেই পরিস্থিতি তাঁরা নিজেরাই সামলে নেবেন বলেও স্পষ্ট করেন অভিনেতা। একই সঙ্গে তিনি সকলের কাছে অনুরোধ জানান, তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাতে এবং ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকতে।

শুধু তাই নয়, প্রকৃত তথ্য যাচাই না করেই বিভিন্ন সংবাদ ও সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ করা হচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন রণজয়। তাঁর দাবি, এমন ভ্রান্ত তথ্য আরও বিভ্রান্তি তৈরি করছে এবং সংশ্লিষ্ট সকলের উপর মানসিক চাপ বাড়াচ্ছে।

এদিন 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের জনপ্রিয় 'ছুটি-অভি' জুটির প্রসঙ্গ টেনে তাঁকে কটাক্ষ করা নিয়েও আপত্তি জানান অভিনেতা। ব্যক্তিগত জীবনের সঙ্গে কাল্পনিক চরিত্র বা পর্দার সম্পর্ককে মিলিয়ে অযাচিত মন্তব্য না করার আবেদনও করেন তিনি।

ভিডিওর একাধিক মুহূর্তে হাতজোড় করে রণজয়কে বলতে শোনা যায়, “দয়া করে আমাদের বাঁচতে দিন। যা হচ্ছে, তা অনুচিত এবং অন্যায়।” উল্লেখযোগ্যভাবে, ভিডিওটি প্রকাশ করলেও সেখানে মন্তব্য করার সুযোগ বন্ধ রেখেছেন অভিনেতা।