অসমের বন্যাত্রাণে ১ কোটি টাকার অনুদান কার্তিক আরিয়ানের

Celebrity By Tollywood Focus Kolkata Team | Published: Jul 31, 2026 | 3 mins read
অসমের বন্যাত্রাণে ১ কোটি টাকার অনুদান কার্তিক আরিয়ানের
অসমে সাময়িকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমায় কয়েকটি এলাকায় বন্যার জল নামতে শুরু করেছে। তবে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এখনও বহু মানুষ জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এরই মধ্যে আবহাওয়া দফতরের নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং হলুদ সতর্কতা জারি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে বন্যাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮।

এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন একাধিক বলিউড ব্যক্তিত্ব। অভিনেতা সালমান খান ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর এবার কার্তিক আরিয়ান অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।

কার্তিকের এই আর্থিক সহায়তার জন্য সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লেখেন, "আপনার এই উদার অনুদানে আমি সত্যিই আপ্লুত। আপনার এই সহযোগিতা অসমের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের এই দুর্দিন কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

রাজ্য সরকারের পক্ষ থেকেও কার্তিক আরিয়ানকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, "মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দেওয়ার জন্য কার্তিক আরিয়ানকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা তাঁর এই মানবিক উদ্যোগ এবং সময়োপযোগী সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।"

শুধু কার্তিকই নন, অসমের বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন আরও কয়েকজন বলিউড ব্যক্তিত্ব। আলিয়া ভাট দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। তাঁদের এই মানবিক উদ্যোগ দুর্যোগের সময় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।