২২ মে IMPA-র গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই টলিউডের অন্দরমহলে নতুন করে বিতর্ক উসকে দিলেন প্রযোজক-পরিবেশক শতদীপ সাহা। তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে।
পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, টলিউডে তথাকথিত ‘ব্যান কালচার’ বন্ধ হওয়া প্রয়োজন। তাঁর দাবি, ইন্ডাস্ট্রিতে আরও বেশি শুটিং হওয়া দরকার যাতে টেকনিশিয়ানদের কাজের সুযোগ বাড়ে এবং কর্মসংস্থান বৃদ্ধি পায়। সেই লক্ষ্যেই তিনি কাজ চালিয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন।
শুধু তাই নয়, যাঁদের কোনও অভিযোগ রয়েছে তাঁদের সামনে এসে প্রমাণ-সহ প্রতিবাদ জানানোর আহ্বানও করেছেন শতদীপ। তাঁর বক্তব্য, সত্য সামনে আসা উচিত এবং ইন্ডাস্ট্রির স্বচ্ছতা বজায় রাখা জরুরি।
অন্যদিকে, পিয়া সেনগুপ্ত আগেই জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে যাঁদের অভিযোগ রয়েছে তাঁরা যেন উপযুক্ত প্রমাণ নিয়ে আসেন। তিনি দাবি করেছিলেন, কোনও আর্থিক অনিয়মের সঙ্গে তিনি যুক্ত নন এবং প্রয়োজনে পদ ছাড়তেও প্রস্তুত।
তবে সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন শতদীপ সাহা। তাঁর অভিযোগ, পিয়া সেনগুপ্তের কাছে যে প্রশ্ন তোলা হয়েছিল, তার স্পষ্ট উত্তর এখনও মেলেনি। তাঁর মতে, সেই উত্তর মিললেই বোঝা যেত কোন কাজ বৈধ আর কোনটি অবৈধ।
ইমপার আসন্ন বৈঠকের আগে এই প্রকাশ্য মতবিরোধ টলিউডে নতুন জল্পনা তৈরি করেছে। এখন নজর ২২ মে-র বৈঠকে, যেখানে এই বিতর্ক নতুন মোড় নিতে পারে বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।
ইমপা বৈঠকের আগেই টলিউডে ‘ব্যান কালচার’ বিতর্কে মুখ খুললেন শতদীপ সাহা